ওয়াসার অযৌক্তিক ব্যয় পোষাতেই জনগণের ঘাড়ে অতিরিক্ত হারে পানির দাম চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, পানির দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির অতিরিক্ত মহাসচিবদের এক সভায় জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। তাই কোনোভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। সম্প্রতি ওয়াসার বিশেষ বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মহামারি করোনায় কর্মহীন হয়ে মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে জানিয়ে জিএম কাদের বলেন, প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়ে আকাশচুম্বী হয়ে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর অনেকেই প্রতিমাসে পানির বিল দিয়ে প্রয়োজন মতো পানি পাচ্ছেন না। অনেকের অভিযোগ ওয়াসা লাইনের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা পান করা যায় না।
তিনি বলেন, ঢাকা ওয়াসা নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে, এ অজুহাতে পানির দাম বৃদ্ধি করা কখনোই যৌক্তিক হতে পারে না। বিভিন্ন গণমাধ্যম ও সাধারণ মানুষের অভিযোগে জানা যায়, ওয়াসার বিভিন্ন খাতে দুর্নীতি ও অপচয়ের কারণে অযৌক্তিক হারে উন্নয়ন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। যেটা পুষিয়ে নিতেই জনগণের ঘাড়ে অতিরিক্ত হারে পানির দাম চাপিয়ে দেওয়া হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।